মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) দিবাগত গভীর রাতে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর কল পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে র্যাব-৮ এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিভিন্ন আলামত সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।








