ভূমি সেবায় হয়রানি বন্ধের আহ্বান সংসদ সদস্য খোকনের

নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ভূমি সেবা নিতে গিয়ে জনগণ যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।
বিজ্ঞাপন
তিনি মঙ্গলবার (১৯ মে) সকালে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ১৯-২১ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মিস ইসরাত জাহান কেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান প্রমুখ।
বিজ্ঞাপন
প্রধান অতিথি ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, ভূমি সেবার নামে অনেকে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি ভূমি অফিসে কোন দূর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
বর্তমান সরকার মাত্র তিনমাসের মধ্যে অনেকগুলো নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, তাই জনগণের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। পরিশেষে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের তিনি আরো বলেন, আপনারা জনগণের পাশে থেকে কাজ করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।








