ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ ট্যাংকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলী মিয়ার নির্মাণাধীন একতলা বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে একে একে চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান।
নিহতরা হলেন কালিকচ্ছ ও ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা আরমান, ইমাম হোসেন, মেহেদী ও হৃদয়।
বিজ্ঞাপন
কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়ীদ হোসেন জানান, সকাল ১১টার দিকে প্রথম একজন শ্রমিক ট্যাংকে নামেন। পরে তার কোনো সাড়া না পেয়ে আরও তিনজন পর্যায়ক্রমে নিচে নামেন। তারাও আর বের হয়ে আসেননি।
দুপুরের দিকে চার শ্রমিকের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।








