নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে শহরের হরিপুর সংযোগ সেতুর নিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন অপূর্ব ইফতি তাইফ (১৮) ও সাকিবুল ইসলাম (১৯)। অপূর্ব ইফতি তাইফ হাটশ হরিপুর এলাকার মাহাবুল ইসলামের ছেলে। তিনি দি কুষ্টিয়া ওল্ড হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। অন্যদিকে সাকিবুল ইসলাম শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে এবং তিনি কুষ্টিয়া জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে যায়। তারা হরিপুর সংযোগ সেতুর নিচের একটি স্থানে নদীতে নামে, যেখানে পানির গভীরতা অনেক বেশি ছিল। গোসলে নামার পর দীর্ঘ সময় তাদের ওপরে উঠতে না দেখে আশপাশের মানুষের সন্দেহ হয়।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা নিজেরাই নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং একই সঙ্গে কুষ্টিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন দুইজনকে নদী থেকে উদ্ধার করতে সক্ষম হন। পরে দ্রুত তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, বিকেল ৪টার দিকে দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এদিকে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন নদী থেকে দুই পরীক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুই এসএসসি পরীক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।








