Logo

সাংবাদিকদের ধমক ও কাজে বাঁধা, ডিসি’র সকল নিউজ বয়কটের ঘোষনা

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২০ মে, ২০২৬, ১৮:১৪
সাংবাদিকদের ধমক ও কাজে বাঁধা, ডিসি’র সকল নিউজ বয়কটের ঘোষনা
ছবি প্রতিনিধি।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে জরুরি সভা করে জেলা প্রশাসকের সব ধরনের সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছে দামুড়হুদা প্রেসক্লাব।

বিজ্ঞাপন

জানা গেছে, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে যৌন হয়রানি (ইভটিজিং), বাল্যবিবাহ, বিবাহবিচ্ছেদ, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মহত্যা রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাটি বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও জেলা প্রশাসক লুৎফুন নাহার অনুষ্ঠানে উপস্থিত হন বিকেল ৪টায়।

এর ফলে দীর্ঘ সময় তীব্র রোদ ও গরমের মধ্যে অপেক্ষা করতে হয় কোমলমতি শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং বিভিন্ন মসজিদের ইমামদের। এতে উপস্থিত অনেকেই চরম ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

পরে বিকেল ৪টার পর অনুষ্ঠান শুরু হলে দামুড়হুদা প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে থাকেন। এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার সাংবাদিকদের কাজে বাধা দেন বলে অভিযোগ করেন উপস্থিত সংবাদকর্মীরা। অভিযোগে বলা হয়, তিনি ধমকের সুরে সাংবাদিকদের কাজ থেকে বিরত থাকতে বলেন এবং দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেলকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সাংবাদিক কন্ট্রোল করবেন।’

সাংবাদিকদের দাবি, জনসম্মুখে মাইকে এ ধরনের মন্তব্য করে সংবাদকর্মীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। ঘটনাটি সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত হিসেবে দেখছেন তারা।

বিজ্ঞাপন

এ ঘটনার পর দামুড়হুদা প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

সভা শেষে সর্বসম্মতিক্রমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সব ধরনের সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দামুড়হুদা প্রেসক্লাব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD