Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২০ মে, ২০২৬, ১৬:২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় অধিকাংশ যানবাহন বিকল্প হিসেবে এশিয়ান হাইওয়ে ব্যবহার করছে। এতে বুধবার (২০ মে) সকাল থেকে মদনপুর এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পরিস্থিতির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যানজট সাইনবোর্ড এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক এবং ডেমরা-স্টাফ কোয়ার্টার সড়কেও ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়।

দুপুরে সরেজমিনে দেখা যায়, মদনপুর, কাঁচপুর, শিমরাইল ও সাইনবোর্ড এলাকায় পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার বাস ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিজ্ঞাপন

চালকদের অভিযোগ, ভুলতা-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে স্বাভাবিকভাবে যান চলাচল সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ গাড়ি এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসে। অতিরিক্ত চাপের কারণে মদনপুর এলাকায় যানজট তৈরি হয়ে তা দ্রুত বিস্তৃত হয়।

এক ট্রাকচালক বলেন, ভুলতা সড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প পথে আসতে হয়েছে। কিন্তু এখানে এসে আরও দীর্ঘ সময় আটকে থাকতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই ভুলতা-গাউছিয়া সড়কের খারাপ অবস্থার কারণে বিকল্প সড়কে যানবাহনের চাপ বাড়ছে। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বিজ্ঞাপন

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, ভাঙা সড়কের কারণে বিপুল সংখ্যক যানবাহন এশিয়ান হাইওয়েতে ওঠায় মদনপুর, কাঁচপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য কাজ করছেন।

তিনি জানান, যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। তবে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD