শেরপুরে অটোরিকশা-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ২

শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
বিজ্ঞাপন
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উৎপল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। আহতদের চিকিৎসা চলছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হয়েছে।








