নান্দাইলে শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আক্রান্ত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়ালের কামড়ে একই বাড়ির ১১ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাচানী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অবস্থার গুরুত্ব বিবেচনায় ৫ জনকে তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে জলাতঙ্ক প্রতিরোধী ‘র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘আইজি র্যাবিস’ প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া গাংগাইল ইউনিয়নের উত্তর বানাইল গ্রামের আরও ৩ জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। তারা অন্যত্র চিকিৎসাসেবা নিয়েছেন।
ভ্যাকসিন গ্রহণকারীরা হলেন, ভাটিপাচানী গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন (১৪), মৃত আব্দুর রহমানের স্ত্রী ফাতেমা (৭০), ইসমাঈলের স্ত্রী ফাতেমা (৫০), মুজিবুরের স্ত্রী রাশিদা (৫০) এবং আবদুল হামিদের স্ত্রী হোসনা (৭০)।
ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলাকালে উপস্থিত থেকে চিকিৎসা তদারকি করেন নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এনামুল হক রচি।
বিজ্ঞাপন
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ ও মূল্যবান ভ্যাকসিন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দ্রুত সময়ে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়মিত র্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়। শিয়াল, কুকুর বা অন্য কোনো বন্য প্রাণীর কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।








