Logo

বজ্রপাতে ২ জেলায় ৪ জনের প্রাণহানি

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ মে, ২০২৬, ১৭:৩০
বজ্রপাতে ২ জেলায় ৪ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

নওগাঁ ও বরিশালে পৃথক বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দুই কৃষকের মৃত্যু ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল জানান, সকালে আক্কাস ফকির ও তারেক জাঠাইল এলাকার মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। কাজের সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বরিশালের গৌরনদী উপজেলায় আকস্মিক বজ্রপাতে পানের বরজে কাজ করা দুই শ্রমিক মারা যান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

এছাড়াও গুরুতর আহত হয়েছেন দেওপাড়া গ্রামের জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০)। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত তিনজন ভীমেরপাড় এলাকার একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে তারা পানের বরজের পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আলিম হাওলাদার ও সুকান্ত বালার মৃত্যু হয় এবং গোপাল সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম জানিয়েছেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রথমে বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পান। পরে চৌকিদারদের পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। মরদেহ বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ইউএনও আরও বলেন, বজ্রপাতে দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে তালগাছ রোপণ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD