শ্রমিকদের ওপর হামলা: কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের বাস ভাঙচুর এবং কর্মরত শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটার পর এই দুই পরিবহন সংস্থার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শ্রমিকরা।
বিজ্ঞাপন
ঘটনা ঘটে বুধবার (২০ মে) সন্ধ্যায় পৌরসভাধীন বলাখাল বাজার এলাকায়। শ্রমিকদের দাবি অনুযায়ী, হামলায় ৩৩টি বাস ভাঙচুর হয়েছে এবং প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে ওই দুই পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়রা হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
বিজ্ঞাপন
আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহদি (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহ আলম (২৬) ও হৃদয় হোসেন (২৪)।
হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে থাকা বাসগুলো দেখাশোনার জন্য তারা সেখানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ অন্ধকারে তাদের ওপর হামলা চালানো হয় এবং গাড়িগুলো ভাঙচুর করা হয়।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও শ্রমিক ওমর ফারুক জানান, হামলায় প্রায় ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। জাবেদ নামের একজন শ্রমিক বলেন, “৩৩টি গাড়ি ভাঙচুর হয়েছে। বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর রোডে বাস চলাচল বন্ধ রাখা হবে।”
বিজ্ঞাপন
বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, “সন্ধ্যার পর অন্ধকারে কে বা কারা হামলা করেছে তা বলা যাচ্ছে না। ঘটনাটি আমাদের বোঝার আগেই ঘটেছে।”
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছিলাম, তবে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বলাখাল বাজারে বাস স্টপেজের দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী বোগদাদ ও আইদি পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয়। বুধবার (২০ মে) দুপুর থেকে সড়ক অবরোধ করা হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে বাসগুলো আটকে রেখে অন্যান্য যানবাহন চলাচল করার অনুমতি দেওয়া হয়। পরে বাসগুলো বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে রাখা হয়। এরপর সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা বাসে হামলা চালায়।








