সেলাই মেশিনে স্বপ্নের চাকা ঘুরাল গাজীপুর জেলা পরিষদ

অসহায় ও পিছিয়ে পড়া নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা পরিষদ। আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে জেলার ৮০ জন অসচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীর হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যের সেলাই মেশিন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে নারী উন্নয়ন ও স্বাবলম্বিতা নিয়ে আশাবাদী নানা বক্তব্যে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, একটি সেলাই মেশিন কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি একটি পরিবারের স্বপ্ন বুননের হাতিয়ার। নারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যাবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি। তিনি বলেন, নারীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। এই সেলাই মেশিনগুলো অনেক নারীর জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
বিজ্ঞাপন
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। নতুন এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী নারীরা।








