Logo

কটিয়াদীতে যুবক হত্যা, ছয় দিনেও অধরা আসামীরা

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২২ মে, ২০২৬, ১৫:১২
কটিয়াদীতে যুবক হত্যা, ছয় দিনেও অধরা আসামীরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি ইউনিয়নের পূর্ব চরপাড়াতলা গ্রামে আনোয়ার (৩৫) নামের এক যুবককে নির্মমভাবে হত্যার ছয় দিন পার হলেও এখনো কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, ঘটনার পর থেকে পুলিশি তৎপরতা সন্তোষজনক নয়।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারের সঙ্গে তার চাচা মরম আলীর জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠক হলেও বিরোধের কোনো সমাধান হয়নি। বরং সময়ের সঙ্গে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে ওঠে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, গত শুক্রবার (১৫ মে) দুপুরে মরম আলী তার ছেলে ও কয়েকজন সহযোগীকে নিয়ে আনোয়ারকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পূর্ব চরপাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায়। পরে তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন সালমা বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছয় দিন পার হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনসহ অনেকে বলেন, খুনের ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আসামীরা পলাতক রয়েছে। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় অবস্থান শনাক্তে কিছুটা জটিলতা হচ্ছে। তবে আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যেই সকল আসামীকে গ্রেফতার করা সম্ভব হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD