বাকলিয়ায় তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলায় মনির নামে এক যুবককে আসামি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানঘাটা এলাকায় নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তার শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়রা ধর্ষণের বিষয়টি সন্দেহ করেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাস্তায় নেমে আসেন।
স্থানীয়দের অভিযোগ, মনির নামের ওই যুবক স্থানীয় একটি ডেকোরেশন দোকানে কাজ করেন এবং তিনি অপরাধ স্বীকার করেছেন বলে জানান। তবে তার স্বীকারোক্তির বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা যায়নি।
বিজ্ঞাপন
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে ‘বিসমিল্লাহ ম্যানশন’ নামের ভবন ঘেরাও করেন এবং কলাপসিবল গেট ভাঙার চেষ্টা চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে হাসপাতালে পাঠায়। অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং তাকে নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
বিকেল সাড়ে চারটা থেকে রাত আটটা পর্যন্ত পুলিশকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং ইটপাটকেল ছোড়েন।
বিজ্ঞাপন
রাত ১১টার দিকে অতিরিক্ত জনবল নিয়ে পুলিশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় দফায় দফায় সংঘর্ষ হয়।








