কুষ্টিয়ায়র খোকসায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান নাবিল হোসেন (২৮)। তিনি খোকসার কমলাপুর এলাকার জুনাইয়েদ হোসেনের ছেলে। বাকি দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস এবং রাজবাড়ীর দিকে যাচ্ছিল বালুভর্তি একটি ডাম্পট্রাক। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পট্রাকটি বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরিফুল হক জানান, দুর্ঘটনার পর বেলা ১২টার দিকে ২০ জন আহত রোগী হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীনদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রাসেল জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক সরিয়ে সড়কে যান চলাচল আংশিক স্বাভাবিক করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।








