Logo

ঝালকাঠিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমুর মুক্তির দাবিতে পোস্টারিং

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
২৬ মে, ২০২৬, ১৩:০৫
ঝালকাঠিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আমুর মুক্তির দাবিতে পোস্টারিং
ছবি: প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার ৮ নম্বর গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর মুক্তির দাবিতে পোস্টারিং কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ধানসিঁড়ি ইউনিয়ন শাখার নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতভর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানো হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, গাবখান ব্রিজসহ বিভিন্ন সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে শেখ হাসিনার দেশে ফেরার আহ্বান এবং বর্ষীয়ান রাজনীতিক আমির হোসেন আমুর মুক্তির দাবি জানানো হয়।

এ কর্মসূচির নেতৃত্ব দেন ধানসিঁড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল মামুন মেহেদী। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি পোস্টারিংয়ের কথা স্বীকার করে বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনার নেতৃত্ব আবারও প্রয়োজন। পাশাপাশি আমির হোসেন আমুর মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান। তিনি বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। তারা মাঠে নামার চেষ্টা করলে ছাত্রদল জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান মাহমুদ বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD