জানাজা শেষে চিরনিদ্রায় ৯ যুবক, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস

ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। একসঙ্গে এতগুলো তরুণ প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহত ৬ যুবকের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার (২৫ মে) রাতে আরও তিন যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছিল।
ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মান্দার আকাশ-বাতাস।
বিজ্ঞাপন
ছয় জনের যৌথ জানাজায় নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আজ যে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে, তারা হলেন- রাজেন্দ্রবাটি গ্রামের মো. সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল বারেক, মো. আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মো. সোহাগ, মো. শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর।
জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে নিহত যুবকদের নিজ গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়।
বিজ্ঞাপন
এর আগে, সোমবার (২৫ মে) একই ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম, পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন: পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
একই ইউনিয়নের ৯ যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারশোঁ ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। স্বজন হারিয়ে নির্বাক-নিঃস্ব পরিবারগুলোর এখন একটাই কথা, তাদের কী হবে!
বিজ্ঞাপন
উল্লেখ্য, সোমবার (২৫ মে) ভোরে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জনই ছিলেন নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের মাতম চলছে।








