Logo

পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
২৬ মে, ২০২৬, ১১:৪৫
পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মে) ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযানে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪) এবং খুলনা থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড-১২-৩২৫৪) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই ট্রাকের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ও হেলপার ভেতরে আটকা পড়েন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাসের নেতৃত্বে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, মো. জনি (৩২), মো. সোহাগ (২৯) ও মো. রাসেল (২৭)। তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা ও সাতক্ষীরার কলারোয়া এলাকায়।

ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার পর পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। চালকরা স্টিয়ারিং ও ড্যাশবোর্ডের মাঝে আটকা পড়ে ছিলেন। তবে ফায়ার সার্ভিস সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধারের পর আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, বড় ধরনের দুর্ঘটনা হলেও তারা গুরুতর আঘাত ছাড়াই প্রাণে বেঁচে গেছেন।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD