সীমান্তে পুশইন ও চামড়া পাচার ঠেকাতে ঈদের দিনেও সতর্ক বিজিবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জোরদার করেছে। অবৈধ পুশইন, কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান ঠেকাতে ঈদের দিনেও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহিনীটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং আগামী কয়েকদিন এই সতর্ক অবস্থা বজায় থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর ও কসবা উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারত-এর সঙ্গে। প্রতি বছর ঈদুল আজহার সময় এসব সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। তাই সীমান্তজুড়ে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, অবৈধভাবে ভারত থেকে পুশইন, চামড়া পাচার, মাদক ও অন্যান্য পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা ঈদের দিনেও বিরামহীনভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেও কাজ করছে বিজিবি। বাড়ি ফেরা মানুষের ফিরতি যাত্রা নিরাপদ রাখতে ঢাকা-সিলেট মহাসড়ক-এও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।








