নেত্রকোণায় বাসের চাপায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

নেত্রকোণায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক নারী ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
বিজ্ঞাপন
রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) এবং ছোট মেয়ে ইতি আক্তার (১০)।
স্থানীয় বাসিন্দা ও আহতদের উদ্ধারকারী বাবর মিয়া ঢাকা পোস্টকে জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেত্রকোণা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হই তাদের মধ্য থেকে দুইজন মারা গিয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে এখন পর্যন্ত আমি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আরও দুইজন মারা গিয়েছে বলে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে নিহত বাকি দুইজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।








