Logo

চুয়াডাঙ্গায় আমের বাজারে ধস, দামে বড় পতনে হতাশ কৃষকরা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৩ জুন, ২০২৬, ১৪:৪০
চুয়াডাঙ্গায় আমের বাজারে ধস, দামে বড় পতনে হতাশ কৃষকরা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতেই আমের বাজারে দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। জেলার চারটি উপজেলায় ৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হলেও এক মাসের ব্যবধানে বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, গত বছরের তুলনায় এ বছর সার, কীটনাশক ও পরিচর্যা খরচ কয়েক হাজার টাকা বেড়েছে। অথচ বাজারে আমের ন্যায্যমূল্য মিলছে না। গত বছর প্রতি মণ হিমসাগর আম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হলেও এ বছর তা নেমে এসেছে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকায়।

অন্যদিকে আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, আমের পরিপক্বতা ঠিকভাবে না হওয়া এবং বাজারে একসঙ্গে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে গেছে। একই সময়ে সাতক্ষীরা, রাজশাহী ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলায় আম সংগ্রহ শুরু হওয়ায় বাজারে চাপ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীদের মতে, পর্যায়ক্রমে আম সংগ্রহের সময় নির্ধারণ করা গেলে বাজারে সরবরাহ নিয়ন্ত্রণে থাকত এবং কৃষকেরা ন্যায্যমূল্য পেতেন।

কৃষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন, যা আগামী মৌসুমে আম চাষে আগ্রহ কমিয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, এ বছর জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৬৯৭ মেট্রিক টন। তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD