কটিয়াদীতে বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে বিএনপি ও যুবদলের দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ জুন) বনগ্রাম বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সহশ্রাম ধুলাদিয়া ইউনিয়নে একটি সমাবেশ শেষে বনগ্রাম বাজারে আসার কথা ছিল। তবে তিনি সেখানে না গিয়ে অন্য কর্মসূচিতে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক পিন্টু এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
বিজ্ঞাপন
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এতে কয়েকজন আহত হন।
ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করেন, সংসদ সদস্যের উপস্থিতিতে মুঞ্জুরুল হক পিন্টু ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলামকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় পরে পিন্টুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
তবে এ বিষয়ে মুঞ্জুরুল হক পিন্টুর বক্তব্য জানা সম্ভব হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিজ্ঞাপন
বনগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন মাসুদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য তিনি সমাধানের চেষ্টা করছেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি ও যুবদলের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।








