Logo

পিরোজপুরে যুবদল নেতার ওপর ক্ষুর হামলার অভিযোগ, আহত ২

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
৩ জুন, ২০২৬, ১৩:১৫
পিরোজপুরে যুবদল নেতার ওপর ক্ষুর হামলার অভিযোগ, আহত ২
ছবি: প্রতিনিধি

পিরোজপুরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার ও তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় অবস্থানকালে রিয়াজ সরদার ও সাইফুল সরদারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ক্ষুরের আঘাতে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, হামলায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভ। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন হামলায় অংশ নেয় বলে দাবি করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। ঘটনার পর অভিযুক্ত শেখ ইমরান শুভকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জেলা যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD