Logo

অল্প সময়ে, স্বল্প খরচে বিচার পেতে গ্রাম আদালতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
৩ জুন, ২০২৬, ১৩:৪০
অল্প সময়ে, স্বল্প খরচে বিচার পেতে গ্রাম আদালতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর রেজমিন জামান।

কর্মশালায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন এবং গ্রাম আদালতের কার্যকারিতা, সুযোগ-সুবিধা ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

আলোচনা শেষে বক্তব্য দেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর রইচ উদ্দিন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. আকরাম আলী এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের লোহাগড়া শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে কর্মরত এনজিও কর্মীরা সমিতির সদস্য ও সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের সুবিধা ও কার্যক্রম সম্পর্কে তথ্য পৌঁছে দেবেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের নির্দেশনা ও সহযোগিতায় গ্রাম আদালত ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর হবে।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী কায়সার বলেন, বিচারিক জটিলতা ও মামলার চাপ কমাতে সরকার গ্রাম আদালত ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষ যাতে অল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পেতে পারেন, সে লক্ষ্যেই সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD