বাউফলে ড্রেনেজ পাইপ বসানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবীন্দ্র হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার পূর্ব পাশে রবীন্দ্র হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় পানি নিষ্কাশনের জন্য পাইপলাইন স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে রবীন্দ্র হাওলাদারের সঙ্গে প্রতিবেশী রতন ব্যাপারীর বিরোধ তৈরি হয়। অর্থ সংগ্রহ ও ব্যয় ভাগাভাগি নিয়ে এ বিরোধের সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
আরও পড়ুন: হোসেনপুরে অটোরিকশার চাপায় বৃদ্ধের মৃত্যু
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে সকালে রতন ব্যাপারী ও তাঁর সহযোগীরা রবীন্দ্র হাওলাদারের ওপর হামলা চালান। এ সময় লোহার পাইপ ও সাবল দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার আল কাইয়ুম জানান, হাসপাতালে আনার আগেই রবীন্দ্র হাওলাদারের মৃত্যু হয়। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় চিকিৎসার জন্য হাসপাতালে থাকা অবস্থায় চারজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন আনন্দ ব্যাপারী, কুসুম রানী, প্রদীপ ব্যাপারী ও রতন ব্যাপারী।
বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








