Logo

হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ২০

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
৩ জুন, ২০২৬, ২০:২৭
হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হওয়ার পর ধারাভাষ্যকারের একটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

বিজ্ঞাপন

তবে ওই ঘটনার জের ধরে বুধবার দুপুরে আবারও দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথাকাটাকাটি হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তা সংঘর্ষে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন আহত হন।

বিজ্ঞাপন

পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD