সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে অটোভ্যানের এক্সেল ভেঙে সড়কের মাঝখানে চলে আসার পর যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন নারী যাত্রী।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌঁছালে এর এক্সেল ভেঙে যায়। এতে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
বিজ্ঞাপন
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের ফজিলা খাতুন (৪৫), তার স্বামী মোতালেব সরকার (৫৫) এবং অটোভ্যানচালক নুরু (৪৫)। তিনি জামতৈল এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন তামান্না খাতুন নামে অটোভ্যানের আরেক যাত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।








