Logo

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
৪ জুন, ২০২৬, ২২:০৭
ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তর মৃত্যু
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসন এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ও সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বিল্লাল হোসেন পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহের ওই ঝিনুকমালা আবাসনেই বসবাস করছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ওই আবাসনের সাত বছর বয়সী এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখান বিল্লাল হোসেন। এরপর শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বেগতিক দেখে বিল্লাল সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে ফেলেন এবং গণধোলাই দেন।

বিজ্ঞাপন

গণপিটুনিতে গুরুতর জখম হয়ে বিল্লাল অচেতন হয়ে পড়লে স্থানীয়দের কয়েকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উমা ইসলাম জানান, বিকেলের দিকে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। জরুরি ভিত্তিতে তাকে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটে এবং সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোকুল চন্দ্র জানান, শিশু নির্যাতনের চেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল্লালকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে।

তিনি আরও জানান, এই ঘটনার প্রেক্ষিতে বিকেলে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় বিল্লাল হোসেনকে একক আসামি করে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এ একটি মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার কিছু সময় পর চিকিৎসাধীন অবস্থায় আসামির মৃত্যু ঘটে। বর্তমানে এই জোড়া ঘটনার (ধর্ষণচেষ্টা ও গণপিটুনি) প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD