পরিবেশ দিবসে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
বিজ্ঞাপন
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়। উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জনসাধারণের কাছে ‘হুজুরের বাড়ির পাশের পুকুর’ নামে পরিচিত এই জলাশয়টি দীর্ঘদিন অবহেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থের কথা বিবেচনা করে এটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। পর্যায়ক্রমে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন সব পুকুর পরিষ্কার ও দূষণমুক্ত করা হবে।
বিজ্ঞাপন
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, পুকুরটি পরিষ্কার হলে প্রায় এক হাজার পরিবার উপকৃত হবে এবং দৈনন্দিন কাজে এর পানি ব্যবহার করতে পারবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মোট ১১২টি পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার ও সংস্কার করা হবে।








