Logo

সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাংগা ইউনিয়ন পরিষদ

profile picture
উপজেলা প্রতিনিধি
তাড়াইল, কিশোরগঞ্জ
৭ জুন, ২০২৬, ১১:৪৪
সংস্কারহীনতায় ধুঁকছে তাড়াইলের ১ নং তালজাংগা ইউনিয়ন পরিষদ
ছবি: প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার এই সময়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে।

বিজ্ঞাপন

কিন্তু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১ নং তালজাংগা ইউনিয়ন পরিষদের বর্তমান চিত্র যেন সেই প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব এবং প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতিতে ইউনিয়ন পরিষদ ভবনটি আজ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের মূল কার্যালয়ের অবস্থা অত্যন্ত নাজুক। ভবনের বিভিন্ন কক্ষ ভাঙাচোরা, টিনের চাল মরিচা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক স্থানে টিন খুলে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, রঙ মুছে গিয়ে ভবনজুড়ে এক ধরনের ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। পরিষদের সামনের মাঠ ও আশপাশের পরিবেশও দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে।

বিজ্ঞাপন

অথচ প্রতিদিন এই ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে শত শত মানুষ আসেন। কিন্তু সেবাকেন্দ্রটির এমন বেহাল অবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ ভবনের সংস্কার ও আধুনিকায়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেসব প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মুখ দেখে না। বছরের পর বছর চেয়ারম্যান ও সদস্য পরিবর্তন হলেও তালজাংগা ইউনিয়ন পরিষদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, একটি ইউনিয়নের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হলো ইউনিয়ন পরিষদ। সেই কেন্দ্র যদি নিজেই অবহেলা ও অনুন্নয়নের শিকার হয়, তাহলে এলাকার সামগ্রিক উন্নয়ন প্রশ্নের মুখে পড়ে।

ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় বাসিন্দা বলেন, একটি ইউনিয়নের প্রাণকেন্দ্র যদি এমন ধুঁকতে ধুঁকতে চলে, তাহলে এলাকার উন্নয়ন কীভাবে সম্ভব? আমরা কি একটি নিরাপদ ও আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন পাওয়ার যোগ্য নই?

জরাজীর্ণ ভবনের কারণে কর্মকর্তা-কর্মচারীদেরও ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, ভবনটির দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন

এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই ইউনিয়ন পরিষদের জন্য দ্রুত একটি আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ অথবা বিদ্যমান ভবনের জরুরি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হোক।

তালজাংগাবাসীর প্রশ্ন এখন একটাই—আর কতদিন অপেক্ষা করলে তারা একটি নিরাপদ, আধুনিক ও সেবাবান্ধব ইউনিয়ন পরিষদ ভবন পাবে? স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ইউনিয়ন পরিষদটিকে জনবান্ধব ও আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তর করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD