Logo

চিরনিদ্রায় শায়িত হলেন পাচারকারীদের গুলিতে নিহত শহীদ সেনাসদস্য তিতাস

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
৬ নভেম্বর, ২০২৬, ২০:২৩
চিরনিদ্রায় শায়িত হলেন পাচারকারীদের গুলিতে নিহত শহীদ সেনাসদস্য তিতাস
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য তিতাস শেখকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়ির পাশে কেএম আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে একই মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

এর আগে বিকেল ৪টা ৪১ মিনিটে নগরকান্দা উপজেলার সরকারি এমএন একাডেমি স্কুলমাঠে তিতাস শেখের মরদেহ বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। মেজর সোহেল আহমেদের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের পদ্মা সেনানিবাস ক্যাম্পের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।

সেখান থেকে সেনাসদস্যের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকার মানুষ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানাজা শেষে সেনাবাহিনীর ইউনিট অফিসার সাজিদ শোক প্রকাশ করে বলেন, ‘কথাটা বলতে আসলে কষ্ট হচ্ছে। তিতাসকে আমি যতটুকু জানি, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সে খুব সাহসী একটি ছেলে ছিল। গতকালের অপারেশনে আমিও উপস্থিত ছিলাম। সৈনিক তিতাস শেখ তার দেশের জন্য জীবন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সবকিছুর জন্য দেশ যেমন তার কাছে ঋণী, বাংলাদেশ সেনাবাহিনীও তার কাছে ঋণী। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সবসময় আমরা তার পরিবারের পাশে থাকব।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তাঁর বুকের বাঁ পাশে গুলি লাগে।

বিজ্ঞাপন

পরে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো এই সেনাসদস্যের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD