মাদক বিক্রিতে বাধা, পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহজালাল নামে এক ব্যক্তিসহ ১০ থেকে ১৫ জন জড়িত বলে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তারাবো পৌরসভার মাসাবো এলাকায় মাদক বিক্রি বন্ধে কাজ করছিলেন আবুল কালাম। এরই ধারাবাহিকতায় স্থানীয় দুই মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে পুলিশের হাতে তুলে দিতে সহায়তা করেন তিনি। এরপর থেকেই আবুল কালামকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন শাহাদাতের ছোট ভাই শাহজালাল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে একটি নির্জন বিলে ডেকে নেন। সেখানে আগে থেকে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় মারধর করে তাঁর হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে পরে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’








