খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, তবু থামেননি

খালের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে গিয়ে নিজেই কাদায় আটকে গেলেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে উদ্ধার করেন। তবে এতে দমে না গিয়ে আবারও খাল পরিষ্কারের কাজে নেমে পড়েন তিনি। তাঁর এমন উদ্যোগে উৎসাহিত হন পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরাও।
বিজ্ঞাপন
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল খালটি। কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা বর্জ্য জমে বন্ধ হয়ে গিয়েছিল পানিপ্রবাহ। ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। খালের এমন দুরবস্থায় আশপাশের বাসিন্দাদের চলাচলেও ভোগান্তি তৈরি হয়েছিল।
অবশেষে দীর্ঘদিনের সেই সমস্যা দূর করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালে এ কর্মসূচি পরিচালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় আয়োজিত অভিযানে অংশ নেন ইউএনও মো. আলী সুজাসহ শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা।
সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় খাল থেকে সরানো হয় দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য। স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক রূপ ফিরে পেতে শুরু করে খালটি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযানে সবচেয়ে বেশি নজর কাড়েন ইউএনও নিজেই। বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরাসরি খালে নেমে ময়লা পরিষ্কারে অংশ নেন তিনি। কাজ করতে গিয়ে একপর্যায়ে কাদার মধ্যে আটকে যান। তখন পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে ওপরে তুলে আনেন। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও পরিচ্ছন্নতার কাজে যোগ দেন তিনি।
ইউএনওর খাল পরিষ্কারের এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই তাঁর উদ্যোগের প্রশংসা করছেন। সরকারি কর্মকর্তার এমন সরাসরি অংশগ্রহণকে দায়িত্ববোধ, মানবিকতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান জানান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানেই দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে অভিযানটি সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় অংশগ্রহণকারীরা বাড়তি উৎসাহ পেয়েছেন।
ইউএনও মো. আলী সুজা বলেন, খালের পাশের বাসিন্দাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য জমে পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সম্মিলিত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অনেক সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব। এই পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তরুণ প্রজন্মকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। ইউএনওর মতে, তরুণ-তরুণী ও যুবসমাজের অবসর সময়কে ইতিবাচক কাজে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। অন্যথায় কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
বিজ্ঞাপন
তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করা গেলে তারা মাদকাসক্তি, মোবাইলের অপব্যবহারসহ নানা নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকতে পারবে। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।








