Logo

ফসলি জমি ও বসতি রক্ষায় ময়মনসিংহে ২১ ড্রেজার ধ্বংস

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫৮
ফসলি জমি ও বসতি রক্ষায় ময়মনসিংহে ২১ ড্রেজার ধ্বংস
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে সদর উপজেলা প্রশাসন। নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার বেগুনবাড়ি থেকে ত্রিশাল-সংলগ্ন এলাকা পর্যন্ত অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন। এ সময় কোতোয়ালি মডেল থানা-পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার খাগডহর ও ভাবখালী ইউনিয়নসহ ময়মনসিংহ নগরীর কালীবাড়ি ও থানাঘাট এলাকার বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীতীরবর্তী কয়েক একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি কয়েকটি ভূমিহীন পরিবারের বসতভিটাও হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ২১টি ড্রেজার মেশিন ধ্বংস করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ এবং জনস্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান অব্যাহত থাকলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন কমবে এবং নদীতীরবর্তী কৃষিজমি, বসতভিটা ও পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD