মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর আটক, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
স্থানীয়রা জানান, রবিবার ভোর ৫টার দিকে ওই এলাকার সোহেল মিয়ার বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। পরে সোহেল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয় জনতা প্রায় এক কিলোমিটার দূরে একটি ধানক্ষেত থেকে অটোরিকশাসহ দুই চোরকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হয় চোরেরা। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায় জানান, ঘটনার পরপরই নিহতদের পরিচয় জানা যায়নি। পরে অনুসন্ধানের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।








