Logo

পত্নীতলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ
৮ জুন, ২০২৬, ১৬:০২
পত্নীতলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু
ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় পুকুরের পানিতে পড়ে তানজিম আরাফ (১৩ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার সিংহন্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিম আরাফ ওই গ্রামের মাহামুদুল হাসানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। একপর্যায়ে দাদির চোখে ঘুম চলে এলে শিশুটি সবার অগোচরে পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে পাশে না দেখে দাদি তার মায়ের কাছে খোঁজ নেন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে তাকে তাৎক্ষণিকভাবে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD