কাউখালীতে যৌথ অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা এবং জাফর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগান হাতে থাকা তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্ত্রটির বিষয়ে তথ্য দেন বলে দাবি পুলিশের।
বিজ্ঞাপন
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (৭ জুন) দুপুরে পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা পুলিশের তথ্যমতে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে কাউখালীতে পরিচালিত অভিযানে অস্ত্র উদ্ধারের এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, টহলরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের সময় সজীবের মোবাইল ফোনে শটগানসহ একটি ছবি দেখতে পান। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।








