গ্রাম আদালত পরিকল্পনা প্রণয়নে জীবননগরে দিনব্যাপী কর্মশালা

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের চুয়াডাঙ্গার উপপরিচালক (ডিডিএলজি) শারমিন আক্তার, যিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।
বিজ্ঞাপন
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে মতামত ও পরামর্শ প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু এবং ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুল আলিম সজলসহ অন্যান্য বক্তারা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন এবং গ্রাম আদালতের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জীবননগর উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার।
বিজ্ঞাপন
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করা সম্ভব হবে।








