ঈশ্বরগঞ্জে অভিযান, উদ্ধার বিস্ফোরক দ্রব্য ও নকল প্রসাধনী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ও নকল কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং উদ্ধারকৃত সামগ্রী ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে সহযোগিতা করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও আনসার সদস্যরা।
আরও পড়ুন: বিলীনের পথে চুনারুঘাটের পরিচিতি ফলক
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর শহরের বসুন্ধরা রোডের একটি বাসায় রাজু আহমেদ (৩৩) দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ও নকল কসমেটিকস সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসাটি থেকে দুই কার্টন বিস্ফোরক দ্রব্য এবং বিপুল পরিমাণ নকল কসমেটিকস উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত সামগ্রী জননিরাপত্তা ও ভোক্তা স্বার্থের কথা বিবেচনা করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রি এবং নকল পণ্য বিক্রির দায়ে রাজু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকস সামগ্রী ধ্বংস করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








