খালে ভেসে যাচ্ছিলেন বৃদ্ধা; হাত বাড়িয়ে দিল শিশু মারিয়া, অতঃপর...

পিরোজপুরের ভারানি খালে ভেসে যাচ্ছিলেন বিমলা শিকদার (প্রায় ৭৫)। সেই সময় ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ১২ বছর বয়সি মারিয়া। এরপর থেকেই প্রশংসায় ভাসছে সে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ জুন) বিকেলে পিরোজপুর পৌরসভার শেখ পাড়া (বসন্তপুল) এলাকায় এ ঘটনা ঘটে। পরে বৃদ্ধার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিতে ভূমিকা রাখে পিরোজপুর জেলা ছাত্রদল।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের শেখপাড়া বসন্তপুল এলাকার ভারানি খালে ওই বৃদ্ধাকে ভেসে থাকতে দেখা যায়। পরে মারিয়া তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তার ভেজা কাপড় পরিবর্তন করে খাবারের ব্যবস্থা করা হয় এবং পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
বিজ্ঞাপন
তবে বৃদ্ধা নিজের ঠিকানা বা পরিবারের বিষয়ে স্পষ্ট কিছু জানাতে না পারায় দুশ্চিন্তায় পড়ে মারিয়া ও তার পরিবার। পরে বিষয়টি স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে জানাজানি হয়। এরপর পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার পরিচয় শনাক্তে কাজ শুরু করেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ, ছাত্রদল ও স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বৃদ্ধার নাম বিমলা শিকদার। তিনি পিরোজপুর শহরের পালপাড়া এলাকার মৃত রতন শিকদারের মা।
বিজ্ঞাপন
খবর পেয়ে হাসপাতালে আসেন তার নাতি জয় (১৮) ও তার মা। জয় জানান, তার দাদির এক ছেলে ও এক মেয়ে ছিলেন। তার বাবা মারা গেছেন এবং ফুফু মঠবাড়িয়ায় থাকেন। বর্তমানে দাদি তাদের সঙ্গেই থাকেন।
তিনি বলেন, তার মা অসুস্থ থাকায় দাদি প্রায়ই একা বাইরে চলে যেতেন। বুধবার সকালেও তিনি বাসা থেকে বের হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে জানতে পারেন, তিনি হাসপাতালে আছেন। সেখানে এসে জানতে পারেন, ছাত্রদলের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরে তাকে বাসায় নেওয়া হবে।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক মো. আসিফ শেখ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে যান। তাদের সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
শিশু মারিয়া বলেন, তিনি খালের দিকে তাকিয়ে দেখেন একজন মানুষ ভেসে আছে। এরপর তিনি পানিতে নেমে তার মাথা তুলে ধরেন এবং পরে তাকে উপরে নিয়ে আসেন। পরে আশপাশের মানুষ ও তার মাকে ডাকেন। তার মা বারবার পরিচয় জানার চেষ্টা করলেও বৃদ্ধা কিছু বলতে পারেননি।
মারিয়ার মা জানান, তার মেয়ে প্রথমে বৃদ্ধাকে খাল থেকে উদ্ধার করে। তিনি নিজেও পরিচয় জানার চেষ্টা করেন, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। যদি তার পরিবার না পাওয়া যেত, তাহলে তিনি তাকে নিজের কাছে রেখে যত্ন নিতেন বলেও জানান।








