Logo

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান খান

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৫ জুন, ২০২৬, ১৫:৫০
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান খান
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তিনি উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট পরিদর্শনে যান। সেখানে কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা তরুণ-তরুণীদের সঙ্গে আয়োজিত একটি গ্রুপ আলোচনায় অংশ নেন তিনি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাহসানের ক্যাম্প পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে তাহসান খান কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যাবেন এবং রোহিঙ্গা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিজ্ঞাপন

রোহিঙ্গা স্বেচ্ছাসেবক মনজুর আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান খানের সঙ্গে ছবি প্রকাশ করে জানান, ক্যাম্প-১ ইস্টে ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত তাহসান খানকে স্বাগত জানানোর সুযোগ হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের কল্যাণ ও ভবিষ্যৎ নিয়ে একটি ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা, মতামত ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

তিনি আরও জানান, তাহসানের এ সফর রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার গুরুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বাড়াতে ভূমিকা রাখবে।

এদিকে দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বিভিন্ন মানবিক কার্যক্রম দেখা এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাহসান খানের।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।

২০১৯ সাল থেকে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হন তাহসান খান। পরে ২০২১ সালে তাকে সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD