Logo

অবশেষে দেশে এলো কানাডায় নিহত শিক্ষার্থী মাহির মরদেহ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৫ জুন, ২০২৬, ১৫:১০
অবশেষে দেশে এলো কানাডায় নিহত শিক্ষার্থী মাহির মরদেহ
ছবি: সংগৃহীত

কানাডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন চট্টগ্রামের তরুণ শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহির। অবশেষে তার মরদেহ দেশে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষার পর পরিবারের সদস্যরা রাজধানীর হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করেন এবং পরে তা চট্টগ্রামে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাহিরের মরদেহ কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশ থেকে ঢাকায় আনা হয়। রাত প্রায় ৯টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করলে বিমানবন্দরে উপস্থিত স্বজনরা মরদেহ গ্রহণ করেন।

নিহতের চাচাতো ভাই মো. মাহমুদ রায়হান জানান, মরদেহ গ্রহণের জন্য পরিবারের কয়েকজন সদস্য আগেই ঢাকায় অবস্থান নিয়েছিলেন। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের হালিশহর বিডিআর মাঠে মাহিরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে গত ১২ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ইস্তিনাব মাহির। স্থানীয় সময় গভীর রাতে সংঘটিত ওই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

মাহির চট্টগ্রামের একটি স্বনামধন্য পরিবারের সন্তান ছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি কানাডায় অবস্থান করছিলেন। তার অকাল মৃত্যু পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।

বিজ্ঞাপন

স্বজনরা জানান, মেধাবী ও ভদ্র স্বভাবের তরুণ হিসেবে মাহির সবার কাছে পরিচিত ছিলেন। বিদেশে পড়াশোনার পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু আকস্মিক সড়ক দুর্ঘটনা সেই স্বপ্নকে অসমাপ্ত করে দিয়েছে।

প্রিয় সন্তানের মরদেহ দেশে ফেরার পর পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে এবং শ্রদ্ধা জানাতে আত্মীয়স্বজন ও এলাকাবাসী ভিড় করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD