পিরোজপুরে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

“২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষে পিরোজপুরে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
পরে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী (এমপি), পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, “মাদক শুধু একটি জীবনকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি। এই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের চলাফেরা ও সঙ্গের বিষয়ে খেয়াল রাখতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা পিরোজপুরকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। যারা অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা সমাজ ও দেশের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা পিরোজপুর জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।








