Logo

নিরাপদে চলার বার্তা দিয়ে সড়কে প্রাণ হারালেন সাবেক শিবির নেতা

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ জুন, ২০২৬, ১৫:৫৯
নিরাপদে চলার বার্তা দিয়ে সড়কে প্রাণ হারালেন সাবেক শিবির নেতা
ছবি: সংগৃহীত

সড়কে অতিরিক্ত গতি এড়িয়ে দায়িত্বশীলভাবে চলাচলের আহ্বান জানিয়েছিলেন মাত্র এক মাস আগে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই সড়ক দুর্ঘটনাতেই প্রাণ হারালেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা শিবিরের সাবেক সাথী আবু হেনা রুবেল।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুবেল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাম মহাজন বাড়ির বাসিন্দা এবং আজিজুল হকের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল জানান, পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুবেল। পথে পুরাতন বিওসি এলাকায় পৌঁছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ২৪ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রুবেল লিখেছিলেন, ‘অতিরিক্ত গতি পরিহার করুন এবং দায়িত্বশীল হোন, নিরাপদে পথ চলুন।’ তার মৃত্যুর পর সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD