শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে নবগ্রাম এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়াসহ বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বিজ্ঞাপন
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।








