মৌলভীবাজারে টানা বৃষ্টিতে দুর্ভোগ, ২৪ ঘণ্টায় রেকর্ড ৯১ মিমি বৃষ্টি

টানা বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারে জনজীবন ব্যাহত হচ্ছে। মঙ্গলবার থেকে জেলায় অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত) জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান প্রধান নদ-নদীর পানির স্তর হু-হু করে বাড়ছে। এতে জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিজ্ঞাপন
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন নদ-নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বুধবার (৮ জুন) সকাল ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী, জুড়ী নদীর পানি বর্তমানে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর মৌলভীবাজারের শেরপুর অংশে পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলাই নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে।
বিজ্ঞাপন
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।








