লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে

টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য নিশ্চিত করেছে। পাউবো সূত্রে জানা গেছে, গত কয়েক দিন তিস্তার পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে চতুর্থ দফায় পানি বৃদ্ধি শুরু হয়। সোমবার সন্ধ্যায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।
গত ২৪ ঘণ্টায় তিস্তার পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সোমবার সকাল ৬টায় পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তা বিপদসীমা অতিক্রম করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেসব এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে, সেখানে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, তিস্তার পানির উচ্চতা ও সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।








