ফাইনাল উদযাপনে স্পেন সমর্থকদের ‘এলাহী আয়োজন’

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে সারা দেশের মতো মাদারীপুরের শিবচরেও বইছে ফুটবল উন্মাদনা। বিশেষ করে উপজেলার কাদিরপুর এলাকায় স্পেন সমর্থকদের উৎসবের আমেজ এখন তুঙ্গে। প্রিয় দলের ফাইনাল উপলক্ষে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মহিষ জবাই করে কয়েকশ ফুটবলপ্রেমীর জন্য বিশাল ভূরিভোজের আয়োজন করেছেন তারা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের শুরু থেকেই কাদিরপুরের স্পেন সমর্থকেরা নানা আয়োজনের মাধ্যমে নিজেদের দলের প্রতি সমর্থন প্রকাশ করে আসছেন। এলাকায় বড় বড় স্পেনের পতাকা, ব্যানার ও ফেস্টুন টানিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। স্পেন ফাইনালে ওঠার পর সেই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে যায়।
আয়োজনটি সফল করতে প্রধান অর্থায়ন করেছেন স্পেন প্রবাসী রবি হাওলাদার ও শাহিন মাদবর এবং কানাডা প্রবাসী মো. কালাম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন স্থানীয় সমাজসেবক আব্দুল গাফফার মুন্সী সোহাগ।
আয়োজকরা গণমাধ্যমকে জানান, ফাইনালকে রাঙিয়ে রাখতে বিশেষ যত্নে কুষ্টিয়া থেকে মহিষটি কিনে আনা হয়েছে। ১ লাখ ৯০ হাজার টাকা দামের এই মহিষে প্রায় ছয় মণ (২৪০ কেজি) মাংস হয়েছে।
বিজ্ঞাপন
রাতে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি এই ভূড়িভোজে অংশ নেবেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
স্থানীয় স্পেন সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা টুর্নামেন্টের শুরু থেকেই স্পেনকে সমর্থন দিয়ে আসছি। এলাকায় বড় বড় পতাকা টাঙানো হয়েছে। আজ কাদিরপুর বাজারে মহিষের মাংস দিয়ে বিশাল ভূরিভোজ হবে, সেই সাথে বড় পর্দায় খেলা দেখার সব প্রস্তুতিও সম্পন্ন।
মূল আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, আমরা যারা স্পেনের সমর্থক ও প্রবাসী রয়েছি, সবার সহযোগিতায় এই আয়োজন। তবে এই আনন্দ কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডসহ অন্যান্য দলের সমর্থকদেরও সগৌরবে নিমন্ত্রণ জানিয়েছি। আমরা সবাই মিলেমিশে একই সঙ্গে ফাইনাল খেলা উপভোগ করব। তবে মাঠে আমাদের প্রত্যাশা থাকবে স্পেনই চ্যাম্পিয়ন হবে।
বিজ্ঞাপন
স্থানীয়দের মতে, খেলাকে ঘিরে এমন সৌহার্দ্যপূর্ণ ও মিলনমেলার আয়োজন কাদিরপুর এলাকায় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। ফুটবলপ্রেমীরা দলভেদ ভুলে একই আয়োজনে অংশ নিয়ে বিশ্বকাপের ফাইনালের আনন্দ ভাগাভাগি করবেন।








