টানা বর্ষণে ঘর হারানো বৃদ্ধকে নতুন ঘর উপহার দিল মাটিরাঙ্গা জোন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ঘরবাড়ি হারানো এক অসহায় বৃদ্ধের মুখে আবারও ফিরেছে হাসি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন গৃহহীন কচাকলা ত্রিপুরার জন্য নির্মাণ করে দিয়েছে একটি নতুন বসতঘর।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়ায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল আনুষ্ঠানিকভাবে কচাকলা ত্রিপুরার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।
জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি বসতঘরটি সম্পূর্ণভাবে ধসে পড়ে। বিষয়টি জানতে পেরে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নিয়ে দ্রুত একটি নিরাপদ বসতঘর নির্মাণের নির্দেশ দেন। অল্প সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করে রবিবার আনুষ্ঠানিকভাবে ঘরটি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘর হস্তান্তর অনুষ্ঠানে মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তাঁর জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক সুনি ত্রিপুরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
মানবিক দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মাটিরাঙ্গা জোন আবারও পার্বত্যাঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।








