রামুতে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া সাজিদুল ইসলাম সাজিদ (১২) নামে এক শিশুর মরদেহ চার দিন পর উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) দুপুরে নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় নদীতে ভেসে থাকা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করেন। নিহত সাজিদ ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোনারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৮ জুলাই) বিকেলে প্রবল বর্ষণে নদীর পানি বেড়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। ওই সময় নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নদীর তীরে যায় সাজিদ। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে অথবা প্রবল স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় সে। মুহূর্তের মধ্যেই স্রোতে ভেসে নিখোঁজ হয়ে যায় শিশুটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা নৌকা ও জাল নিয়ে নদীতে ব্যাপক তল্লাশি চালান। তবে প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম কয়েকদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে চার দিন পর ঈদগাঁও উপজেলার গজালিয়া এলাকায় নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।
সাজিদের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।








