Logo

সামনের গাড়িতে ধাক্কা দিয়ে পুড়ে ছাই স্লিপার কোচ

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৭ আগস্ট, ২০২৬, ১৩:৩৭
সামনের গাড়িতে ধাক্কা দিয়ে পুড়ে ছাই স্লিপার কোচ
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রয়েল কক্স পরিবহনের একটি স্লিপার কোচ সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে ঢাকাগামী লেনে সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল রয়েল কক্স পরিবহনের স্লিপার কোচটি।

মহাসড়কের ঢাকাগামী লেনে চলার সময় বাসটি সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দ্রুত বাস থেকে নামেন যাত্রীরা

বিজ্ঞাপন

বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। স্থানীয় লোকজনও ঘটনাস্থলে ছুটে আসেন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো বাস পুড়ে যায়।

হতাহত হয়নি, চালক-স্টাফরা চলে যান

বিজ্ঞাপন

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. ফারুক ইসলাম জানান, সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর স্লিপার কোচটিতে আগুনের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

তিনি বলেন, ঘটনায় উল্লেখযোগ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে ক্ষতিগ্রস্ত বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণে ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক তৈরি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর আগুনে বাসটির সামনের অংশসহ পুরো কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে বিস্তারিত তদন্ত করবে বলে জানা গেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD